ভিয়েতনামে বিশাল তেলের মজুদ আবিষ্কার

Printed Edition

গালফ নিউজ

ভিয়েতনামের কু লং বেসিনে অবস্থিত হাই সু ভাংয়ের (এইচএসভি) ‘অ্যাপ্রেইজাল কূপ’ খননে বিপুল তেলের মজুদ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মারফি অয়েল জানিয়েছে, এই কূপে অন্তত ৪৩০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।

জার্নাল অব পেট্রোলিয়াম টেকনোলজি তথ্যানুসারে, প্রায় দুই দশকের মধ্যে আসিয়ান অঞ্চলে (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট) এটাই তেলের সবচেয়ে বড় মজুদের সন্ধান। ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটি থেকে প্রায় ৪০ মাইল দূরে সমুদ্রে খনন করা কূপের দু’টি রিজার্ভারে মোট ৪২৯ ফুট নেট অয়েল পে শনাক্ত করা গেছে। পরীক্ষামূলক উৎপাদনে এই কূপ থেকে দৈনিক ছয় হাজার ব্যারেল ‘সুইট’ ক্রুড তেল পাওয়া গেছে।

গত ৬ জানুয়ারি মারফি অয়েল জানায়, কু লং বেসিনের ব্লøক ১৫-২/১৭-এ অবস্থিত তাদের ‘অ্যাপ্রেইজাল কূপের’ দু’টি রিজার্ভারে ৪২৯ ফুট নেট অয়েল পে শনাক্ত করা গেছে। মারফি অয়েলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক হ্যাম্বলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নতুন তেলের খনি আবিষ্কার তার কোম্পানির ভিয়েতনামে কার্যক্রমের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’।