ইসরাইলি সেনাদের চুরির শিকার সিরিয়ার কৃষকদের ২৫০ ছাগল

Printed Edition

চ্যানেল ১২ ও টাইমস অব ইসরাইল

সিরিয়ার কৃষকদের ২৫০টি ছাগল চুরির অভিযোগে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে গোলান মালভূমিসংলগ্ন সিরীয় সীমান্তে অভিযানের সময় গোলানি ব্রিগেডের একদল সেনা স্থানীয় কৃষকদের একটি বড় ছাগলের পাল জোরপূর্বক ইসরাইলি ভূখণ্ডে নিয়ে আসে।

পরিকল্পিত এই চুরির ঘটনায় আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা হয়েছিল বলে জানা গেছে। সীমান্ত পার করার পরপরই ছাগলগুলোকে ট্রাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতি ও খামারে পাঠিয়ে দেয়া হয়। তবে পরদিন সকালে গোলান মালভূমি এলাকায় বেশ কিছু ছাগলকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় ইসরাইলি কৃষকরা সেনাবাহিনীতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ছাগলগুলোর কোনো নির্দিষ্ট চিহ্ন ছিল না এবং সেগুলোকে টিকাও দেয়া হয়নি। পুরো পালের একটি বড় অংশ উদ্ধার করা গেলেও বেশ কিছু ছাগল এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই অভিযানটি মোটেও অনুমোদিত ছিল না। ইতোমধ্যে দোষী সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে; যার মধ্যে স্কোয়াড কমান্ডারকে বহিষ্কার এবং কোম্পানি কমান্ডারকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে।