যেকোনো নাশকতা দৃঢ়ভাবে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের
Printed Edition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সাথে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার সকালে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি বিজিবি সদস্যদের এই নির্দেশনা প্রদান করেন।
বিজিবি মহাপরিচালক রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিজিবির সার্বিক প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা সরেজমিন পর্যালোচনা করেন এবং নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না। ভোটাররা যাতে নির্বিঘেœ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
একই সাথে তিনি সাধারণ জনগণ ও ভোটারদের সাথে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার জন্য বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।