বামনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক
Printed Edition
বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের সৌদি প্রবাসী পাঁচ সন্তানের জনককে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গলা টিপে হত্যা করেছে। গত রোববার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক মিলে এ হত্যার ঘটনা ঘটিছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে স্ত্রী নাজমা বেগম (৩৫) ও প্রেমিক আল আমিনকে (৩০) পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসী মো: আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এ দিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন সেই প্রবাসীর বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঁচ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।
এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গতকাল দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেন। পরে গত সোমবার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠায়।
বামনা থানা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে তারা হত্যার দায় স্বীকার করেছেন।