যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

বাসিন্দাদের দক্ষিণ লেবাননে ফিরতে বাধা ইসরাইলি বাহিনীর

Printed Edition

আলজাজিরা

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞ বন্ধের বিষয়ে ইসরাইল এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় শুক্রবার দক্ষিণ লেবাননের ওয়াদি আল-হুজাইর এলাকায় দুইজন টাউলিনে দুইজন এবং স্রিফা ও ইয়াতের এলাকায় একজন নিহত হন। এই হামলায় আরো দুইজন আহত হয়েছেন। এদিকে লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, গত ২৯ মার্চ তাদের একটি ঘাঁটিতে ইসরাইলি ট্যাংকের গোলায় আহত হওয়া এক ইন্দোনেশীয় শান্তিরক্ষী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্য দিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে তারা বিন্ত জবেইল শহরে হিজবুল্লাহর ছয় সদস্যকে হত্যা করেছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের সাথে ইসরাইলি দাবির কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে এমন একটি চুক্তি প্রয়োজন, যেখানে স্থায়ীভাবে সংঘাত বন্ধ হবে এবং দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয়া হবে ইসরাইলি বাহিনীকে।

বাসিন্দাদের ফিরতে বাধা

এ দিকে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, চলতি সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হলেও দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামের বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরতে নিষেধ করেছে ইসরাইলি সেনাবাহিনী। গতকাল শনিবার এক নির্দেশনায় ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে ওই অঞ্চলে এখনো সামরিক কার্যক্রম চলমান রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে ৫০টিরও বেশি গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে লিতানি নদী, সালহানি উপত্যকা এবং সালুকি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ এখন সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে গত রাতে দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি সেখানে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মারজায়ুন অঞ্চলের হুলা শহরেও ইসরাইলি বাহিনী কামানের গোলা নিক্ষেপ করেছে।

উল্লেখ্য যে হোয়াইট হাউজে উচ্চপর্যায়ের দ্বিতীয় দফা আলোচনার পর গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দেন। এর আগে গত ১৬ এপ্রিল ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল যা বারবার লঙ্ঘন করে আসছিল ইসরাইল। বর্তমানে নতুন করে মেয়াদ বাড়লেও মাঠ পর্যায়ের সহিংসতা ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা রয়েই গেছে।