কিশোরগঞ্জে শেয়াল কামড়ে মেরে ফেলেছে ২ বছরের শিশুকে
Printed Edition
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গত গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হুমাইরা আক্তার স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হুমায়রা সন্ধ্যায় তার চাচার ঘর থেকে উঠান হয়ে নিজেদের ঘরে যাচ্ছিল। এ সময় শেয়াল কামড়ে ধরে শিশুটিকে টেনে নিয়ে বাড়ির পেছনে ঝোপে নিয়ে যায়। স্বজনরা পরে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে।
শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শেয়ালের কামড় ছিল। শিশুটির শরীরের অনেকটা অংশ শেয়াল খেয়ে ফেলেছে বলেও জানান তিনি। এর আগেও পার্শ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো: লিংকনের দুই বছর বয়সী ছেলে মো: আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শেয়াল। ওই শিশুর লাশও ঝোপ থেকে উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত শেয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।