টফের প্রিমটাইম লাইনাপে কানাডীয় সিরিজের জয়জয়কার
Printed Edition
সাকিবুল হাসান
আন্তর্জাতিক বিনোদন জগতের অন্যতম শীর্ষ আয়োজন ‘টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (টফ)-এর ৫১তম আসরের বহুল প্রতীক্ষিত ‘প্রিমটাইম’ লাইনাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিশ্বখ্যাত টেলিকম সংস্থা রজার্স পরিবেশিত ২০২৬ সালের এই বিশেষ পর্বে বিশ্বের খ্যাতনামা নির্মাতা ও তারকাদের পাশাপাশি বিশেষ আলো কেড়ে নিয়েছে কানাডীয় মৌলিক গল্প ও স্থানীয় প্রতিভাবানদের উপস্থিতি। প্রিমটাইম বিভাগটি মূলত ছোট পর্দার জন্য নির্মিত বিশ্বমানের সিরিজ, থ্রিলার ও প্রামাণ্যচিত্রগুলোকে টেলিভিশনে সম্প্রচারের আগেই উৎসবের বিশাল পর্দায় প্রদর্শন এবং কলাকুশলীদের সঙ্গে সরাসরি আড্ডার সুযোগ করে দেয়।
এবারের প্রিমটাইম তালিকার অন্যতম বড় আকর্ষণ কানাডীয় কনটেন্টের দাপট। উৎসবের উদ্বোধনী শিরোনাম হিসেবে নির্বাচিত হয়েছে জেসি ম্যাককিউনের ক্যানাডিয়ান থ্রিলার সিরিজ ‘বিলো’। নিউফাউন্ডল্যান্ডের উপকূলীয় এক শান্ত শহরে রহস্যময় সামুদ্রিক প্রাণীর তাণ্ডব ও বাসিন্দাদের অবরুদ্ধ হয়ে পড়ার গল্প নিয়ে তৈরি ৬ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন ম্যাকেঞ্জি ডেভিস, চার্লি হিটন ও জশ হার্টনেট। অন্যদিকে, হরর ঘরানার বিখ্যাত নির্মাতা মাইক ফ্লানাগানের নতুন সিরিজ ‘ক্যারি’-র ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে প্রিমটাইম আয়োজনের পর্দা নামবে।
২০২৪ সালে ‘দ্য লাইফ অব চাক’ বানিয়ে টফ-এ জনাগ্রহের শীর্ষে থাকা ফ্লানাগান এবার স্টিফেন কিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এই কানাডীয়-মার্কিন যৌথ প্রযোজনাটি নিয়ে ফিরছেন। বিভাগের মূল দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জেফ ম্যাকনাফটনের সাজানো তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিকভাবে সাড়া জাগানো বেশ কয়েকটি প্রতিষ্ঠিত আইপি-ভিত্তিক কাজ; যার মধ্যে ‘আমেরিকান হোস্টেজ’, ‘ক্যারি’ এবং ফ্রাইডে দ্য থার্টিন্থ-ভিত্তিক ‘ক্রিস্টাল লেক’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রিমটাইমের ১০টি নির্বাচিত সিরিজের তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়ার ‘২.৬ সেকেন্ডস: ডেথ ইন দ্য আউটব্যাক’, ফ্রাঙ্কো-কানাডীয় যৌথ প্রয়াস ‘অ্যালিস’, জার্মানির ‘ব্লাইন্ডস্পট বার্লিন’, ব্রাজিলের ‘অক্সিজেন মাস্কস উইল (নট) ড্রপ অটোমেটিক্যালি’, যুক্তরাজ্যের ‘স্লো হর্সেস’ এবং কানাডার অন্যতম আলোচিত থ্রিলার ‘য়াগা’।
আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা এসব সিরিজে স্ক্রিন ভাগ করেছেন গ্যারি ওল্ডম্যান, জন হ্যাম, লিন্ডা কার্ডেলিনি, ক্যারোলাইন-অ্যান মস, ফ্রাঁসোয়া আরনো ও বেরেনিস বেজোর মতো বিশ্ববিখ্যাত তারকারা।
আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দিনব্যাপী এই উৎসবে চলচ্চিত্র ও নাটকপ্রেমীরা আন্তর্জাতিক প্রচারের বহু আগেই এসব সিরিজ প্রথম দেখার অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন।