বদলগাছীতে স্কুলঘেঁষে পুকুর খনন নিয়ে উত্তেজনা নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা
Printed Edition
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাত্র চার ফুট দূরত্বে গভীর পুকুর খননের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। তাদের অভিযোগ, রাতের আঁধারে খননকাজ শুরু হওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে সামনে প্রায় এক একর জমিতে বড় আকারে পুকুর খনন করা হয়েছে। এস্কেভেটর (ভেকু) মেশিন ও ট্রাক্টর দিয়ে মাটি অপসারণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, উত্তোলিত মাটি পাশের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গেছে, খননকৃত জমিটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন। আগে এটি ডোবার মতো পড়ে থাকলেও সম্প্রতি সেখানে ১৫-২০ ফুট গভীর পুকুর খনন শুরু হয়। অভিযোগ রয়েছে, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে খনন কাজ শুরু হয়।
অভিভাবকদের আশঙ্কা, বিদ্যালয়ের এত কাছে গভীর পুকুর থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক অভিভাবক জানান, নিরাপত্তা নিশ্চিত না হলে সন্তানদের স্কুলে পাঠানো কঠিন হয়ে পড়বে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, ‘কাজ শুরুর সময় বাধা দেওয়া হলেও তা শোনা হয়নি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। স্কুলসংলগ্ন স্থানে এভাবে পুকুর খনন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন মাস্টার বলেন, জমিটি উচ্চ বিদ্যালয়ের এবং প্রতিষ্ঠানের স্বার্থেই পুকুর খনন করা হচ্ছে। মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন এবং লিখিত আবেদন দিতে বলেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, খবর পেয়ে খননকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।