ওমানকে উড়িয়ে দিলো জিম্বাবুয়ে

Printed Edition
khela-2
উইকেট নেয়া মুজারাবানিকে সতীর্থদের অভিনন্দন হ ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জিম্বাবুয়ের। ওমান আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়। জবাবে ব্রিয়ান বেনেটের অপরাজিত ইনিংসে ১৩.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

৩৬ বলে সাতটি চারে বেনেট খেলেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। ব্রেন্ডন টেইলর ৩০ বলে তিন চারে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া তাদিওয়ানাশে মুরুমানি পাঁচ চারে ২১ রান করলেও ডিয়ন মায়ার্স শূন্যরানে আউট হন। সিকান্দার রাজা এক চারে পাঁচ রানে অপরাজিত থাকেন। তিন ওভারে ১২ রান খরচায় জিম্বাবুয়ের দু’টি উইকেটই নেন সুফিয়ান মেহমুদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ওমান। ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়। অবশ্য তাদের রান ১০০ এর চেয়েও কম হতে পারত। ওমানের ব্যাটারদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মিডল অর্ডারে বিনায়ক শুক্লা চারটি চারে সর্বোচ্চ ২৮ রান, সুফিয়ান মেহমুদ দুই চারে ২৫ ও টেল এন্ডার নাদিম খান এক চার ও এক ছক্কায় করেন ২০ রান। ইনিংসের একমাত্র ছক্কাটি তার ব্যাট থেকেই আসে। ১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন জিম্বাবুয়ের মুজারাবানি। রিচার্ড এনগ্রাভা ও ব্রাড ইভান্সও তিনটি করে উইকেট নেন। অপর উইকেটটি সিকান্দার রাজার।