শক্ত পাইপ লাইন তৈরি করতে চায় বাফুফে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
চলতি ২০২৬ সাল বিশ্বকাপ ফুটবলের বছর। আর এই বছরেই বাংলাদেশের দুই বিশ^কাপে কোয়ালিফাই করার মিশন। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেখানে সেরা ছয়ে থাকতে পারলে বিশ্বকাপে এবং সেরা আটে পৌঁছলে অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার সুযোগ। আর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে সেমিতে উঠলেই বিশ্বকাপে। এ ছাড়া রয়েছে সাফ এবং এএফসির বাছাই পর্বে খেলা। নারী ফুটবলে এবার এএফসির বয়সভিত্তিক আসরের বাছাই পর্ব নেই। বাফুফে এই আসরগুলোর কোনোটির স্বাগতিক হবে কিনা তা বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত। তবে সব আসরেই অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। গতকাল সভায় এই সিদ্ধান্ত। এ ছাড়া জাতীয় দলে মানসম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা আরো বৃদ্ধি করতে শক্ত পাইপ লাইন তৈরির পথে হাঁটছে বাফুফে। জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
পুরুষ ফুটবলে এ বছর চারটি বয়সভিত্তিক আসর। ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল মালদ্বীপে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ সাফ। এই প্রথম সাফের কোনো বয়সভিত্তিক আসর আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। এরপর ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল বাছাই পর্ব। অতীতের মতো এবারো এই আসরে প্রতিনিধিত্ব থাকবে লাল-সবুজ যুবাদের। সেপ্টেম্বর-অক্টোবরে অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফ। এরপর ১২-২০ নভেম্বর এএফসি অনূর্ধ্ব-১৭ আসর। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, আমরা সব আসরেই অংশ নেবো। সে সাথে জাতীয় দলের পাইপ লাইন আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ এই দল গুলোকে সারাবছরই ট্রেনিংয়ের মধ্যে রাখা এবং সেখান থেকে জাতীয় দলের ফুটবলার সরবরাহ করা। এই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যেই তা চূড়ান্ত হবে।
বাফুফে স্বীকৃত ৩০০টির উপরে অ্যাকাডেমি আছে সারা দেশে। এবার বাফুফে এই অ্যাকাডেমিগুলোকে নিয়ে টুর্নামেন্ট করবে। পুরুষ বিভাগে তা অনূর্ধ্ব-১৪ বয়সীদের নিয়ে। নারী বিভাগে তা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে। তথ্য দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ ছাড়া সারা বছরই প্রতি মাসে গ্রাসরুটের ফুটবল উন্নয়নে ফুটবল ক্লিনিক এবং ফুটবল ফেস্টিভাল আয়োজন করা হবে। বাফুফের এলিট অ্যাকাডেমিকে আরো গতিশীল করার কথাও জানান বাফুফের এই সহসভাপতি।