লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা, আজকালের মধ্যেই আসন ঘোষণা : নাহিদ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে, এমন আত্মবিশ্বাস কোনো রাজনৈতিক দলের মধ্যেই নেই, এমনকি এনসিপিরও নয়। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকল দেয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা দেয়া হচ্ছে, যা নির্বাচনী মাঠে অসম ও প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।
নাহিদ ইসলাম বলেন, এই ধরনের ‘সিগন্যালিং’-এর ফলে মাঠপর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম ও সাধারণ জনগণের মধ্যে সরকারের পক্ষপাতমূলক অবস্থান নিয়ে ভুল বার্তা যাচ্ছে। এতে নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা বাড়ছে।
ইইউ প্রতিনিধিদলের মনোভাব সম্পর্কে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় নির্বাচনে একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে চায়। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর তা যেন সবাই গ্রহণ করে, যাতে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর নির্বিঘœ হয়। এ লক্ষ্যে তারা সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে এবং নিরপেক্ষভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।
বৈঠকে গণমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ জানায় এনসিপি। নাহিদ ইসলাম বলেন, মূলধারার কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক ও ভুল সংবাদ প্রচার করছে। তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে সব দলের জন্য সমান মিডিয়া কভারেজ ও সুযোগ নিশ্চিত করার দাবি জানান। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, প্রাথমিকভাবে অনেক ঋণখেলাপি প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রকৃত ঋণখেলাপির সংখ্যা আরো বেশি হলেও ইসি মাত্র কয়েকজনকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে পোস্টারিংসহ প্রচার কার্যক্রমে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিরা গ্রেফতার না হওয়ায় মাঠে একটি নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক না হলেও এনসিপি নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।
আসন সমঝোতা বিষয়ে তিনি বলেন, এনসিপির অবস্থান খুব শিগগিরই স্পষ্ট হবে। আজ বা কালকের মধ্যেই জোট ও আসন বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বৈঠকে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দলের মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।