সাভার কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া লাশ উদ্ধার

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার মডেল থানা থেকে কয়েক শ’ গজ দূরত্বে পৌর কমিউনিটি সেন্টারের দোতলার টয়লেটের ভেতর থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার অজ্ঞাত (৩৫) ব্যক্তির এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগেও কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পোড়া লাশ দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বর ফোন দেয় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরনে একটি জিন্সের প্যান্ট ও গায়ে জ্যাকেট ছিল। সাভার মডেল থানার এসআই আবদুল কাদের শেখ বলেন, নিহতের শরীর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগে পৌর কমিউনিটি সেন্টারটি ঢাকা জেলা পুলিশ তাদের ব্যারাক হিসেবে ব্যবহার করতেন। জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৫ আগস্ট সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাবসহ পৌর কমিউটি সেন্টারটিও ক্ষতিগ্রস্ত হলেও তা এখনো সংস্কার করা হয়নি। এর আগে গত ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ ও ১২ অক্টোবর অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।