চীন যাবেন কানাডার প্রধানমন্ত্রী

Printed Edition

এএফপি

দীর্ঘ আট বছর পর কানাডার কোনো প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির লক্ষ্য, কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করা। ১৩ থেকে ১৭ জানুয়ারির এই সফরে প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন। সফরের লক্ষ্য হলো, বাণিজ্য, জ্বালানি, কৃষি ও আন্তর্জাতিক নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা জোরদার করা।

কানাডার সাবেক কূটনীতিক ও আলবার্টা বিশ্ববিদ্যালয়ের চায়না ইনস্টিটিউটের পরিচালক গর্ডন হোলডেন এই সফরকে একটি ‘বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সমস্যার মূলে রয়েছে রাজনৈতিক সঙ্কট। এই সফরের মাধ্যমে রাজনৈতিক সমাধান এলে তা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেছিলেন জাস্টিন ট্রুডো। এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যাঙ্কুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের এক শীর্ষ নির্বাহীকে গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। এর প্রতিক্রিয়ায় চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই কানাডীয় নাগরিককে আটক করে। পরবর্তীতে কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগও উঠে।

গত অক্টোবরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মার্ক কার্নিকে চীন সফরের আমন্ত্রণ জানান। কার্নি এই আমন্ত্রণকে দুই দেশের টানাপড়েনপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ বা গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছিলেন।