বজ্রপাতে চার জেলায় প্রাণ গেল ৯ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের চার জেলায় বজ্রপাতে ৯ জন নিহত হয়েছেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোনায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দু’জন ও নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নেত্রকোনায় তিনজনের মৃত্যু : জেলার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে মারা গেছেন তারা। এর মধ্যে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট (ফেরি) এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

অন্য দিকে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। তিনি ওই গ্রামের নেকবর খাঁর ছেলে। এ ছাড়া বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো: শুভ মণ্ডল নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকায়।

সুনামগঞ্জে তিন কৃষকের মৃত্যু : হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনামগঞ্জের তিন কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য এক স্থানে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরো এক কৃষক মারা গেছেন। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষক আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জে দু’জনের মৃত্যু : হবিগঞ্জে পৃথক বজ্রপাতে এক কৃষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামসংলগ্ন গড়দার হাওরে এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মকছুদ আলী (৪০) নামে এক কৃষক নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লাহর ছেলে। এ ছাড়া বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আবদুল গফুরের ছেলে আবদুস সালাম (৩৫) বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

হাতিয়ায় যুবক নিহত : নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই এলাকার মৃত আফছার মিয়ার ছেলে। স্থানীয় বাজারে একটি চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কৃষিকাজে জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো: আনোয়ারুল আজিম বলেন, আরাফাত দুপুরে বাদাম শুকাতে দিয়েছিলেন। বৃষ্টি শুরু হলে সেই বাদাম আনতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।