উন্নয়নের অঙ্গীকার জামায়াত প্রার্থী আবু তালিবের

Printed Edition
bangla-4
কালীগঞ্জে বক্তব্য রাখছেন মাওলানা আবু তালিব : নয়া দিগন্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগান নিয়ে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালিব জনতার মুখোমুখি হয়েছেন। গত বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় মাওলানা আবু তালিব বলেন, কালীগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত চিত্রা নদী খনন করে দুই পাড় সংস্কার করে সুস্থ বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিশু হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়ন এবং চিকিৎসাসেবা জনগণের দ্বারে পৌঁছে দেয়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি। তিনি আরো বলেন, উপজেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগারমিলের পুরনো যন্ত্রপাতি বদলে আধুনিকায়ন করা হবে। আখচাষিদের সাথে প্রতারণা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, সার-কীটনাশক সরবরাহ ও সচেতনতা বাড়াতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের রাজনৈতিক চাঁদাবাজির হাত থেকে রক্ষা এবং নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি।