দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

Printed Edition
bangla-4
দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি সম্পদ: নয়া দিগন্ত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকিতে তদারকি ও নিরাপত্তার অভাবে পানিতেই নষ্ট হচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কোটি টাকা মূল্যের দুটি ফেরি। একসময় পায়রা নদীতে যাত্রী ও যানবাহন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফেরি দুটি এখন রোদ-বৃষ্টি ও পানির ক্ষয়ক্ষতির মুখে পড়ে কার্যত অচল অবস্থা বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে ফেরি দুটি। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা ও রক্ষণাবেক্ষণের অভাবে ফেরিগুলোর গায়ে মরিচা ধরেছে। ভাঙা দরজা-জানালা, ক্ষতিগ্রস্ত ডেক এবং উধাও হয়ে যাওয়া যন্ত্রাংশ ফেরিগুলোর নাজুক অবস্থার চিত্র স্পষ্ট করে তুলেছে। ভেতরে জমে আছে ময়লা-আবর্জনা, চারপাশে আগাছা বেড়ে পুরো এলাকা জঙ্গলে পরিণত হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর পর ফেরি দুটি বাহেরচর এলাকায় স্থানান্তর করা হলেও সেগুলোর জন্য কোনো স্থায়ী রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি। এতে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ এবং দিন দিন নষ্ট হচ্ছে কাঠামো।

স্থানীয় বাসিন্দা মো: রফিক বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেরি দুটি পড়ে আছে। কোনো পাহারা নেই। কোটি টাকার সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়া দুঃখজনক।’ আরেক বাসিন্দা মো: ফরহাদ বলেন, ‘সংস্কার বা নিলামের মাধ্যমে এগুলো ব্যবহারযোগ্য করা গেলে সরকারের রাজস্ব আদায় সম্ভব ছিল।’

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার বলেন, ‘বাহেরচর এলাকায় ফেরি দুটি পড়ে থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ফেরি বিভাগের এই মূল্যবান সম্পদ সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে। তারা অবিলম্বে রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা জোরদার কিংবা বিকল্প ব্যবহারের দাবি জানিয়েছেন।