জরুরি ও সীমিত পরিসরে চলবে এনআইডি সংশোধন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

জরুরি চিকিৎসা, বিদেশে অধ্যয়ন, প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি, চাকরিসংক্রান্ত প্রয়োজন ইত্যাদি বিবেচনায় সীমিত পরিসরে নিম্নরূপভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গতকাল জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা: সরওয়ার হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, মহাপরিচালক, এনআইডি উইংয়ের অনুমোদনক্রমে ভোটার তালিকায় বর্ণিত সাতটি ফিল্ডের (নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্ম তারিখ, ভোটারের ঠিকানা ও ছবি) পরিবর্তন বাতীত শুধুমাত্র বানানসংক্রান্ত সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত) ও অন্যান্য ফিল্ডের (স্ত্রী/স্বামীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতার গরণ, ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ধর্ম ইত্যাদি) তথা সংশোধন।

এ ছাড়া বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদনক্রমে সংশোধন। তবে ২৩ নভেম্বর ২০২৫ তারিখ হতে মাঠপর্যায়ে স্থগিতকৃত এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতই থাকবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হলো।