আট শ’ কোটি টাকায় সোনাগাজীতে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মঠু
কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস
Printed Edition
সাইফুল আলম হিরন সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের এ বৃহৎ প্রকল্পটি ঘিরে এলাকায় কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব হ্রাসের সম্ভাবনায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) উপজেলার পূর্ব বড়ধলী মৌজায় পূর্বে অধিগ্রহণ করা মোট ৬৩৪ একর জমির ওপর এ কেন্দ্র নির্মাণ করবে। ২০১৭ সালে অধিগ্রহণকৃত ৯৯৯.৬৫ একরের মধ্যে ২৮৫ একর জমিতে ইতোমধ্যে ৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে। নতুন কেন্দ্র চালু হলে সোনাগাজী দেশের অন্যতম বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন অঞ্চলে পরিণত হবে।
সাম্প্রতিক একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১৪৭ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে আসবে এক হাজার ৬২৩ কোটি ৬৩ লাখ টাকা এবং ইজিসিবির নিজস্ব অর্থায়ন হবে ১১৬ কোটি ৯০ লাখ টাকা। প্রকল্পের কাজ ২০২৮ সালের জুন পর্যন্ত চলবে।
প্রকল্প উপাদানের মধ্যে রয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর পিভি মডিউল, ২৬টি গ্রিড-সংযুক্ত ইনভার্টার, ২৪০ এমভিএ সাবস্টেশন, চারটি ২৩০/৩৩ কেভি ট্রান্সফর্মার, ১৩.৩ কিলোমিটার ট্রান্সমিশন লাইন, আধুনিক কন্ট্রোল রুম ও পাঁচতলা ডরমিটরি ভবন। পাশাপাশি বাঁধ নির্মাণ, সিসি ব্লক সুরক্ষা, খাল খনন এবং অভ্যন্তরীণ সড়ক নির্মাণও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
কেন্দ্রটি মীরসরাই গ্রিড সাবস্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে ২২০ মেগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা, নির্ভরযোগ্যতা ও গুণগতমান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করবে। একই সাথে এটি দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা প্রকল্পটিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন। সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা বলেন, জাতীয় স্বার্থে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি। এতে সোনাগাজীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চরছান্দিয়া এলাকায় রাস্তাঘাট ও জীবনমানের বড় পরিবর্তন আসবে। জাতীয় অর্থনীতিতেও এর সুফল পড়বে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীগান চাকমা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় আর্থসামাজিক কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
সোনাগাজীর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির বিকাশে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পকে মাইলফলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।