অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

২৪ ঘণ্টায় ৪২ হাজার বাইক ও গাড়ি তল্লাশি গ্রেফতার ৯৬৮

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে যৌথবাহিনী। এরই অংশ হিসেবে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২ হাজারের বেশি যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার ও ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া মামলা ও ওয়ারেন্টভুক্ত গ্রেফতারের সংখ্যা এক হাজার ৭৪ জন। ফলে এ সময়ে মোট দুই হাজার ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ তে চার হাজার ২৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানকালে ডিএমপির গুলশান থানা পুলিশ একটি বিদেশী রিভলবার, খিলগাঁও থানা একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে। এ ছাড়া কামরাঙ্গীরচর থানা পুলিশ আটটি দেশীয় অস্ত্র জব্দ করেছে। ঢাকা রেঞ্জের কেরানীগঞ্জ থানা চেকপোস্টে একদিনে একটি শর্টগান, তিনটি ককটেল এবং চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অন্য দিকে খুলনা রেঞ্জের যশোর জেলার কোতোয়ালি থানা পাঁচটি ককটেল, একটি ম্যাগাজিন ও দু’টি বার্মিজ চাকু জব্দ করেছে। চট্টগ্রাম রেঞ্জের রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানা একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করেছে।

সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার দিরাই থানা একটি এলজি ও দুই রাউন্ড গুলি জব্দ করেছে। সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলার মাধবপুর থানা চেকপোস্টে দুই রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড খালি কার্তুজ, চারটি বিস্ফোরিত গ্যাস সেল ও দু’টি অবিস্ফোরিত গ্যাস সেল জব্দ করেছে।

এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯০৪টি গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি শটগান, তিনটি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড গুলি জব্দ এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়।