সংবিধানের অজুহাত দিয়ে জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে সরকার : হামিদুর রহমান আযাদ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই অভ্যুত্থান ছিল গণআকাক্সক্ষার প্রতীক। বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ, সুশাসনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতি ছিল এর মূল ভিত্তি। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কারকে পাশ কাটানোর চেষ্টা চালাচ্ছে। সংবিধান জনগণের কল্যাণে প্রণীত; জনগণের অভিপ্রায়কে উপেক্ষা করার জন্য নয়। তাই জনগণই সংস্কারবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করবে।
গতকাল মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াত আয়োজিত তৃণমূল নেতাদের সাথে এক মতবিনিময় সভায় ড. আযাদ আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে কোনোরূপ প্রশ্ন তোলার সুযোগ নেই। ১২ ফেব্রুয়ারি জনগণ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সরকার সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনরায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তার উচিত জবাব জনগণই দেবে।
তিনি বলেন, স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। কিন্তু সরকার চাতুর্যের সাথে গণভোটের বৈধতা নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি সতর্ক করে বলেন, বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হলে মানুষের মধ্যে বিচার বিভাগ সম্পর্কে অনাস্থা তৈরি হবে।
এ সময় ড. হামিদ আযাদ নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা, মব ভায়োলেন্স এবং নানা অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে না পারা নিয়েও সমালোচনা করেন।
উপজেলা দক্ষিণের আমির মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো: জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা মো: আজিজ প্রমুখ।