১৭ কোটি মানুষকে ডিজিটাল সংযোগে আনল হুয়াওয়ে

Printed Edition

বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ১৭ কোটি মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় এনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে গেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি আইটিইউর ‘পার্টনার-টু-কানেক্ট (পিটুসি)’ ডিজিটাল কোয়ালিশনের অধীনে ২০২২ সালে দেয়া প্রতিশ্রুতির চেয়েও দ্রুত সময়ে এ মাইলফলক অর্জন করেছে।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘কে কেয়ার্স ফোরামে’ এ ঘোষণা দেন হুয়াওয়ের আইসিটি ডিভিশনের সিইও ইয়াং চাওবিন। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে ১২ কোটি মানুষকে সংযুক্ত করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের এক বছর আগেই তা অতিক্রম করা সম্ভব হয়েছে।

ইয়াং চাওবিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত এগোলেও ডিজিটাল বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই যুগ গড়তে শক্তিশালী নেটওয়ার্ক ও কম্পিউটিং সক্ষমতা অপরিহার্য। এই সংযোগ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আর্থিক সেবায় প্রবেশাধিকার সহজ করবে।

ডিজিটাল অন্তর্ভুক্তির অংশ হিসেবে হুয়াওয়ে দক্ষতা উন্নয়নেও জোর দিচ্ছে। ‘স্কিলস অন হুইলস’ কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে ২১টি দেশে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি ‘রুরালকাউ’ সমাধানের মাধ্যমে ছোট গ্রামেও স্বল্প ব্যয়ে নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে, যা মাত্র এক হাজার ৫০০ বাসিন্দার এলাকাতেও কার্যকর সংযোগ নিশ্চিত করতে পারে।

বাংলাদেশে ২৭ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ অবকাঠামো, ক্লাউড, ডিজিটাল পাওয়ার ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় কাজ করছে। ভবিষ্যতেও সরকার ও আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে আরো ন্যায্য ও সবার জন্য উন্মুক্ত ডিজিটাল বিশ্ব গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হুয়াওয়ে। বিজ্ঞপ্তি।