ঈদে ওয়েব ফিল্মেও দীপা খন্দকার
Printed Edition
সাকিবুল হাসান
দীপা খন্দকার, তার সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত অভিনেত্রী। বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে রয়েছেন আলোচনায়। দীপা যে এই সময়ে নাটকেই অভিনয় করছেন এমন নয়। অভিনয় করছেন সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজেও। আগামী ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাবে দীপাকে ‘একসাথে আলাদা’ নামক ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এই ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয়ে আছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। এ ছাড়াও আগামী ঈদে দীপাকে দেখা যাবে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদের ‘শেকড়’, মুরাদ পারভেজের ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ মিশুক মিঠসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে দেখা যাবে তাকে। ঈদ ঘিরে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এক সাথে আলাদা ওয়েব ফিল্মটার গল্প খুবই সুন্দর। এটি নিশ্চিত করেই বলা যায়, দর্শকের এই ওয়েব ফিল্মটি ভালো লাগবে। তাছাড়া আমি এতে শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। তিনি বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তার সাথে অভিনয় করলেই অনেক কিছু শেখা যায় প্রতি মুহূর্তে। ঈদে অন্য যে নাটকগুলোতে অভিনয় করেছি তার মধ্যে চয়ন দিদির নাটকটার গল্প খুবই সুন্দর। সকালের নাটকটিরও গল্প সুন্দর। মুরাদ পারভেজেরটা দারুণ সাড়া ফেলবে বলে বিশ^াস। শৌখিনের নাটকের গল্পজুড়ে আমি আছি, তবে আমাকে দেখা যাবে একটি দৃশ্যেই। বাকি অন্যান্য যে নাটকে অভিনয় করেছি সবই সুন্দর। এবারের ঈদে বিভিন্ন ধরনের চরিত্রে আমার ভক্ত দর্শকরা দেখতে পাবেন। ঈদ যথারীতি পরিবারের সাথেই ঢাকাতে কাটবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।’ এর আগে হইচইতে দীপা অভিনীত ‘রুমি’ ওয়েব সিরিজ প্রচারিত হয়েছিল। এছাড়াও চরকিতে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন দীপা খন্দকার। দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ নামের একটি সিনেমা। গত বছর দীপা অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ ও কে এম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। কিছু দিন আগে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলী অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে দীপা খন্দকার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হন।