ড. মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্ট

জামায়াত ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করবে : অধ্যাপক মুজিব

Printed Edition
back-4
ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বক্তব্য রাখছেন কায়সার হামিদ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ঐক্য ছাড়া জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। অতীতে যারা ক্ষমতায় বসেছে তাদের প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতির কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। রাজনৈতিক বিভাজনের মাধ্যমে আওয়ামী লীগ চেয়েছে বাকশাল কায়েম করে এ দেশে রাজতন্ত্র কায়েম করতে। স্বাধীনতাপরবর্তী এ দেশে ক্ষমতাসীন দলগুলোর কেউ বাকশাল, কেউ স্বৈরশাসন আবার কেউ একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে। এ জন্য তারা বিরোধী দলমতকে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছিল। ৫ আগস্ট-পরবর্তী জাতি আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। জাতি সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনগণের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতির পথ বন্ধ করবে। জবাবদিহিতামূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

গতকাল ঢাকা-৬ সংসদীয় এলাকার ধূপখোলা মাঠে ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, যুব সমাজের জন্য আমাদের বার্তা আমরা মাদককে ‘না’ বলতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে যুব সমাজকেই ভূমিকা রাখতে হবে। সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। আর তাদেরকে নেতৃত্বের গুণে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দল কোতোয়ালি স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ দল কবি নজরুল কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ দিকে ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর উদ্যোগে হাজী এনায়েত উল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার রাতে সম্পন্ন হয়। কামরাঙ্গীরচর পূর্ব থানা বনাম বংশাল দক্ষিণ থানার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বংশাল দক্ষিণ থানা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে কম্পিউটার এবং রানার্স আপ টিমকে একটি ফ্রিজ পুরস্কার দেয়া হয়।