কর্নেল (অব:) আব্দুল বাতেন এমপির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল সোমবার দুপুরে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চলন্তিকা মোড় ও মিল্কভিটা এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, মূলত ময়লা অপসারণের অতিরিক্ত টাকা আদায় ও চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ময়লার ফি ৪০ টাকা নির্ধারিত থাকলেও এলাকাভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। সংসদ সদস্য এই জুলুমের প্রতিবাদ করায় স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত রোববার (৮ মার্চ) বাউনিয়া এলাকায় উন্নয়নমূলক কাজে যাওয়ার সময় এবং চলন্তিকা মল্লিকা মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন। হামলায় পাঁচজন নেতা-কর্মী আহত হন এবং মোবাইল ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন, রূপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমির মো: রইসুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।