পোশাক খাতে অডিও সিরিজের যাত্রা শুরু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে প্রথমবারের মতো একটি (অডিও) পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি মূলত পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথরেখা তৈরির প্রতিশ্রুতিরই বলিষ্ঠ প্রতিফলন।

বিজিএমইএর এই ব্যতিক্রমী পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত ও সুপারিশ তুলে ধরবেন।

পডকাস্ট সিরিজে উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এর সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের গতিপ্রকৃতি এবং শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার ওপর এর প্রভাবের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যনির্ভর ও গভীর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য- যা বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক সুশাসনে আরো কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

সংগঠনটির এই পডকাস্ট সিরিজে তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচার দূর করার প্রয়াসও থাকবে। এর মাধ্যমে তথ্যের বস্তুনিষ্ঠতা ও ভারসাম্য বজায় রেখে এই খাতের প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা সবার সামনে তুলে ধরবে বিজিএমইএ।

এই দূরদর্শী উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এর অন্যতম রূপকার সংগঠনের পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, পোশাক শিল্পের সমসাময়িক চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ এবং তা মোকাবেলায় কার্যকর কর্মকৌশল নির্ধারণে এই পডকাস্ট সিরিজটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে।

ইতোমধ্যেই এই সিরিজের দু’টি পর্ব প্রচারিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় সব বিষয় নিয়ে আরো বেশ কিছু পর্ব বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই পর্বগুলো বিজিএমইএর অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একযোগে সম্প্রচার করা হচ্ছে, যা স্টেকহোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।