ছুটে চলছে বসুন্ধরা কিংস

ব্রাদার্স ১-৫ বসুন্ধরা কিংস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ বাংলাাদেশ প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা। রানার্সআপও হতে পারেনি। হয়েছে তৃতীয়। সেই সূত্র ধরেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা। এবার অবশ্য লিগে ভালো অবস্থানে আছে দুই মৌসুম আগের ট্রেবল জয়ীরা। অবস্থান করছে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই ধারায় গতকাল বসুন্ধরা কিংসের বড় জয়। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বসুন্ধরা কিংস ৫-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এতে পাঁচ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৭।

টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচবার করে বল পাঠাল বসুন্ধরা কিংস। আগের ম্যাচে রহমতগঞ্জকে ৫-০তে হারিয়েছিল তারা। আর কাল জামাল ভূঁইয়ার ব্রাদার্সকে ৫-১ গোলে হারানো। অন্য দিকে আগের তিন ম্যাচের দু’টিতে জয় আর একটি ড্র পাওয়া গোপীবাগের দলটি ফের হারের মুখে। ব্রাদার্স প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ পুলিশের কাছে। এরপর আবাহনীকে ২-১ গোলে এবং ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে ২-০তে হারায় তারা। চতুর্থ ম্যাচে ব্রাদার্স গোলশূন্যতে পয়েন্ট ভাগ করে পিডব্লিউডির সাথে। অন্য দিকে প্রথম ম্যাচে পিডব্লিউডির সাথে ২-২ গোলে ড্র করা বসুন্ধরা কিংস এরপর আর পেছনে ফিরে তাকায়নি। একে একে জয়। ফর্টিস এফসিকে ২-১ গোলে হারানোর পর আরামবাগকে ২-০তে হারায় তারা। আর পরের দুই ম্যাচেতো পাঁচটি করে গোল দেয়া।

কাল ব্রাদার্স সমান তালেই লড়ছিল। কিন্তু ৪১ মিনিটে পিছিয়ে পড়ার পর থেকে দ্বিতীয়ার্ধের প্রথম ৯ মিনিটে তাদের সব আশাই শেষ। এই সময়ে চারটি গোল আদায় করে নেয় বসুন্ধরা কিংস। ৪১ মিনিটে ব্রাজিলের ডরিয়েলটন গোমেজের গোলে এগিয়ে যাওয়া। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ। ২-০তে প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫০ মিনিটে স্কোর ৩-০ করেন নাইজেরিয়ান ইমানুলেয় সানডে। ৫৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানার গোলে স্কোর ৪-০। ৭৭ মিনিটে থ্রু পাস থেকে বল পেয়ে শট নিতে একটু দেরিই করেন ডরিয়েলটন। তবুও ব্রাদার্সের ডিফেন্ডার কোনো বাধাই দিতে পারেননি। ফলে ডান পায়ের শটে পরাস্ত ব্রাদার্সের কিপার। অবশ্য ব্রাদার্স শেষপর্যন্ত একটি গোল পরিশোধ করতে পেরেছিল। ৯০ মিনিটে কমালা রঙের জার্সিধারীকের পক্ষে সান্ত¡না সূচক গোল করেন মোয়াজ্জেম।