স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে : মির্জা ফখরুল
Printed Edition
ঠাকুরগাঁও প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথা সময়েই হবে। আমরা আগেই বলেছি গণতন্ত্রের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের নতুন ভবন নির্মাণের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার পুনঃ তদন্ত ও বিচার প্রসঙ্গে জানতে চাইলে বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন (পুনরায় তদন্ত ও বিচার হবে) সেটাই সঠিক। যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে, দরকার হলে আবারো হবে। এ বিষয়টি এখন আদালতে রয়েছে, আমার পক্ষ থেকে নতুন করে কিছু বলার নাই।’ এনিসিপি নেতাদের দাবি যে, বিষয়টি মীমাংসিত, সরকার কেন বাড়াবাড়ি করছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা এনসিপিকেই জিজ্ঞেস করুন।
তিনি ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মাদরাসার নতুন ভবনের উদ্বোধনে আমরা শরিক হতে পেরেছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন। তাদের এ সমর্থনের কারণে আজ বিজয় লাভ করতে পেরেছি। ঠাকুরগাঁওবাসীর জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো সবাই মিলে যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
মন্ত্রী হওয়ার পর এটিই তার নির্বাচনী এলাকায় মির্জা ফখরুলের প্রথম সফর। গতকাল সকালে তিনি বিমানে সৈয়দপুর আসেন। সেখান থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে পৌঁছেন। এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, সামাজিক সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। দুপুরে মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকেলে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। ইএসডিওর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।