সাতীরায় এলপিজির সিন্ডিকেটের কবলে গ্রাহক

Printed Edition

সাতীরা প্রতিনিধি

সাতীরায় নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৩০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য নতুন দাম নির্ধারণের একদিন আগে থেকেই জেলায় এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায় গ্যাস বিক্রি শুরু হয়েছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ােভ ও অসন্তোষ বিরাজ করছে।

বিইআরসি এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৭২৮ টাকা নির্ধারণ করলেও সাতীরার বাজারে তা কার্যকর হচ্ছে না। অভিযোগ উঠেছে, বিইআরসির ঘোষণার আগেই গত বুধবার থেকে ডিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ৩১ মার্চ যে সিলিন্ডার এক হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে, তা বুধবার বিকেল থেকেই এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯০০ টাকায় ঠেকেছে। লবসা গ্রামের আসমা আক্তারসহ একাধিক গ্রাহক জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ টাকা বেশি দিয়ে তাদের গ্যাস কিনতে হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, কোম্পানি দাম বাড়িয়ে দেয়ায় তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যমুনা কোম্পানির ডিলার রাশেদুজ্জামান জানান, কোম্পানি থেকে এক হাজার ৭৮৫ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে, যার সাথে পরিবহন ও লেবার খরচ যোগ করলে এক হাজার ৯০০ টাকার নিচে বিক্রি সম্ভব নয়। তবে জেলা নাগরিক কমিটির নেতা আলী নূর খান বাবুল বলেন, বাজারে এলপিজির কৃত্রিম সঙ্কট তৈরি করে মুনাফা লুটছে অসাধু চক্র। প্রশাসনের নজরদারি না থাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছে।

সাতীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি জোরদার করা হচ্ছে।