শ্রীলঙ্কান তরুণীর ইসলাম গ্রহণ করে ফেনীতে বিয়ে
Printed Edition
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
সীমানার প্রাচীর আর ভাষার ব্যবধান ঘুচিয়ে শ্রীলঙ্কান এক তরুণী এসেছেন বাংলাদেশে। সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় এক যুবকের সাথে। তার বর্তমান নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাব এবং শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টি (পূর্ব নাম) ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে সহকর্মী ছিলেন। সেখানে কাজ করার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। তিন বছরের পরিচয়ের একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
ওমানে বিয়ের আইনি জটিলতা থাকায় তারা নিজ নিজ দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতার পরিকল্পনা করেন। সে অনুযায়ী গত ৩১ জানুয়ারি শিহাব বাংলাদেশে ফেরেন। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইশারা মাট্টি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে আসেন দাগনভূঞায় শিহাবের বাড়িতে।
ভিনদেশী বউকে বরণ করে নিতে কার্পণ্য করেনি শিহাবের পরিবার। বাড়িতে আসার পর ইশারা মাট্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর পারিবারিক ও ধর্মীয় রীতি মেনে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষ হওয়া সত্ত্বেও জান্নাতুল ফেরদৌস জান্নাত শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। ভিনদেশী পুত্রবধূকে পেয়ে খুশি শিহাবের পরিবার ও আত্মীয়-স্বজনরাও।
এ বিষয়ে এজাজ আহমদ শিহাব জানান, ওমানে থাকা অবস্থায় আমাদের পরিচয় হয়। তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। ওমানে আইনে বিয়ে নিয়ে জটিলতা থাকায় দেশে এসে বিয়ে করেছি। সে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে। তার পরিবার ও আমার পরিবার বিষয়টি অবগত রয়েছে। সে অনেক হ্যাপি আছে। এ দিকে শ্রীলঙ্কান এই তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবদম্পতিকে একনজর দেখতে শিহাবের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।