দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন ভিনিসিয়াস

Printed Edition
Sports----1
ভিনিসিয়াসকে আটকানোর ব্যর্থ চেষ্টায় স্কটল্যান্ডের ডিফেন্ডার : ইন্টারনেট

রফিকুল হায়দার ফরহাদ নিউ ইয়র্ক থেকে

এই মুহূর্তে ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তবে তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ফিট নন। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ৭৬ মিনিটে। আক্রমণভাগের আরেক বড় তারকা রাফিনহাও পড়েছেন ইনজুরিতে। বছর ধরে কোনো ট্রফি জিততে না পারা ব্রাজিল দলটির সাম্প্রতিক সময়ও ভালো যাচ্ছিল না। বিশ্বকাপের আগেই পাঁচবারের চ্যাম্পিয়নরা ফ্রান্স, অর্জেন্টিনা ছাড়াও জাপান, তিউনিসিয়া, ইকুয়েডর, বলিভিয়ার মতো দলের বিপক্ষেও জিততে পারেনি। আর এবারের বিশ্বকাপ তো শুরু করেছিল মরক্কোর সাথে ১-১ গোলের ড্র দিয়ে। দলের এই দুঃসময়ে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। সেই দায়িত্বটাই নিজ কাঁধে নিলেন ভিনিসিয়ার জুনিয়র। টানা তিন ম্যাচেই গোল রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের। মোট চার গোল দিয়ে দলকে যেমন গ্রুপ চ্যাম্পিয়ন করে নক আউটে নিয়ে গেছেন, তেমনি ভিনিসিয়াস এখন গোল্ডেন বুটের দৌড়ে। তিনি করেছেন ৪ গোল। অন্য দিকে ৪টি করে গোল এমবাপ্পে ও হলান্ডের। ৫ গোল দিয়ে সবার উপরে লিওনেল মেসি।

নিউ ইর্য়ক নিউজার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ব্র্রাজিল। তাদের ১-১ গোলে ড্র করতে বাধ্য করে মরক্কো। সেই ম্যাচে ইসমাইল সাইবারির গোলে মরক্কো লিড নেয়ার পর হারের শঙ্কা তৈরি হয় লাতিন আমেরিকার দেশটির। ওই অবস্থা থেকে নিজেই দলকে উদ্ধারের দায়িত্ব নেন ভিনিসিয়াস। পিছিয়ে পড়ার অল্প কিছুক্ষণ পরই ব্রাজিলকে খেলায় ফেরান রিয়ালের এই উইঙ্গার। তার সেই গোলই মরক্কোর বিপক্ষে ১ পয়েন্ট এনে দেয়।

পরের ম্যাচে দুর্বল হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০-তে জয়ের একটি গোল করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। আর গত পরশু জোড়া গোল স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে ব্রাজিল যেমন বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো স্কটিশদের হারাল তেমনি টুর্নামেন্টে ৪ গোল দিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে চলে এসেছেন ভিনিসিয়াস।

একজন তারকা ফুটবলারের কাছে ফুটবলপ্রেমীরা এমনটাই চায়। যাতে দরকারের সময় নিজের যোগ্যতার প্রমাণ দেবেন ও গোল করে বা করিয়ে দলকে জেতাবেন। সেই কাজই করে চলেছেন এই লেফট উইঙ্গার। ক্যারিয়ারে দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন ভিনিসিয়াস। কাতার বিশ্বকাপে তার অভিষেক। সেই বিশ্বকাপে তার প্রথম গোল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এ ছাড়া অপর স্ট্রাইকার রিচার্লিসনকে দিয়ে দু’টি গোল করিয়েছেন।

রিয়াল মাদ্রিদের হয়ে ২৪২ ম্যাচে ৭৭ গোল করা ভিনিসিয়াস জাতীয় দলে ৫২ ম্যাচে জার্সি গায়ে করেছেন ১৩ গোল।

ভিনিসিয়াসের সাথে এবারের বিশ্বকাপে আক্রমণভাগে দলের জন্য বিশাল ভূমিকা রাখছেন ম্যাথিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার দারুণ সময় পার করছেন ফুটবলের সর্ববৃহৎ এই আসরে। জাতীয় দলের হয়ে কুনহার আগের ২৩ ম্যাচে ছিল মাত্র ১ গোল। সেখানে বিশ্বকাপের তিন খেলায় তার করা গোলসংখ্যা ৩। হাইতির বিপক্ষে জোড়া গোল দেন তিনি। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ১ গোল।