প্রযুক্তিবিশ্বকে যেভাবে বদলে দিয়েছে অ্যাপল
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
অ্যাপল গত ৫০ বছরে কেবল নতুন প্রযুক্তির সঙ্গেই মানুষের পরিচয় ঘটায়নি, বরং মানুষের হাতে প্রযুক্তি ব্যবহারের অভ্যাসেও আমূল পরিবর্তন এনেছে। ব্যক্তিগত কম্পিউটার থেকে স্মার্টফোন বা পরা যায় এমন ডিভাইস প্রতিটি ক্ষেত্রেই অ্যাপল কখনো পুরানো ফিচার বিসর্জন দিয়ে, আবার কখনো সময়ের চেয়ে এগিয়ে থাকা সিদ্ধান্ত নিয়ে পুরো প্রযুক্তি শিল্পকে পথ দেখিয়েছে। আইফোনকে বড় আকার দিয়ে ‘আইপ্যাড’ নাম দিয়ে বাজারে আনা এবং অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের মাধ্যমে পরিধানযোগ্য প্রযুক্তিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে অ্যাপল। এ ছাড়া অ্যাপ স্টোর, ফেইসটাইম, আইক্লাউড ও আইমেসেজের মতো সফটওয়্যার ও সেবাগুলোকেও জনপ্রিয় করে তুলেছে কোম্পানিটি। অনেকেরই কোনো ছবিতে প্রথমবার ‘পিঞ্চ টু জুম’ বা আঙুল দিয়ে টেনে বড় করার অভিজ্ঞতা সম্ভবত আইফোনেই হয়েছিল।
ভালো হোক বা মন্দ, অ্যাপলের প্রভাব এতই বেশি যে তারা কোনো পদক্ষেপ নিলে পুরো প্রযুক্তি জগৎ সাধারণত সেটিই অনুসরণ করে। সচরাচর শুরুতে এর বিরোধিতা হয়। ব্যবহারকারী অভিযোগও করেন কিন্তু শেষ পর্যন্ত সবাই অ্যাপলের পথেই হাঁটেন।
অতীত পর্যালোচনা করলে দেখা যায়, অ্যাপল বুঝতে পারত প্রযুক্তি কোন দিকে যাচ্ছে এবং তারা সময়ের আগেই সেই পরিবর্তনটি নিয়ে আসত। অনেক ক্ষেত্রে এসব পরিবর্তন শুরুতে ব্যবহারকারীদের জন্য কিছুটা কষ্টের কারণ হলেও সময় প্রমাণ করেছে, পুরানো প্রযুক্তি বাদ দেয়ার বিষয়ে অ্যাপলের সিদ্ধান্ত বেশির ভাগ ক্ষেত্রে সঠিক ছিল।