গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধীদের শুল্কের হুমকি ট্রাম্পের
Printed Edition
সিএনএন
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে তিনি দাবি করে আসছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে এলে তা জাতীয় নিরাপত্তা জোরদার করবে এবং ন্যাটো জোটের প্রতিরক্ষাব্যবস্থাও আরো শক্তিশালী হবে।
শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা এই পরিকল্পনার বিরোধিতা করবে, তাদের শাস্তি দিতে শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সাথে না থাকে, তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। আমাদের গ্রিনল্যান্ড দরকার, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ট্রাম্প। সেখানে তিনি স্মরণ করিয়ে দেন, কিভাবে আগে শুল্ক ব্যবহার করে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর পরিকল্পনায় সহযোগিতা করতে বাধ্য করেছিলেন। গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক ব্যবহারের প্রস্তাব এই প্রথম দিলেও, কোন কোন দেশের ওপর এটি প্রয়োগ করা হবে বা কী আইনি ক্ষমতায় তা করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।