সন্ত্রাসের বিরুদ্ধে নতুন প্রজন্মই রুখে দাঁড়াবে : শিবির সভাপতি

Printed Edition
bangla-4
ফটিকছড়িতে সমাবেশে বক্তব্য রাখছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে যোগ দিতে গত বৃহস্পতিবার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে মানুষের ঢল নেমেছিল। ফটিকছড়ি-ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, যারা সন্ত্রাসবাদ করে, মনোনয়ন না পেয়ে যারা নিজের দলের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি-টেন্ডারবাজি-লুটপাটে জড়ায়- এই প্রজন্ম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির দেশের ন্যায়সঙ্গত আন্দোলনে বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও ন্যায়নীতি প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন তার উন্নয়ন পরিকল্পনার ১৭ দফা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ফটিকছড়ি ও ভূজপুরে দু’টি আধুনিক স্টেডিয়াম, দু’টি ফায়ার স্টেশন, নতুন হাসপাতাল, শিক্ষা খাতের উন্নয়ন, প্রায় এক হাজার কিলোমিটার সড়ক-সেতুর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নতুন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, গ্যাস সরবরাহ সম্প্রসারণ, ২১টি বাজার আধুনিকায়ন, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, শিল্পাঞ্চল স্থাপন, পর্যটন উন্নয়ন, চা-বাগান শ্রমিকদের উন্নয়ন ও কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত হোসেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার।