ঝালকাঠির যমুনা বার্জ ডিপো ২ বছর পর চালু

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো। গতকাল রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ডিপোটির কার্যক্রম শুরু হয়।

ডিপো সংশ্লিষ্টরা জানান, মেরামতজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর প্রথম দিনেই ডিপোতে সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুদ করা হয়েছে। একই দিনে ছয়জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহের প্রস্তুতি নেয়া হয়েছে। এখন থেকে নিয়মিত এ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) জসিম উদ্দিন বলেন, ডিপোতে জ্বালানির কোনো সঙ্কট নেই। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও সরবরাহ স্বাভাবিক রাখতে কোম্পানি বদ্ধপরিকর।