পাথরঘাটায় ২টি হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
Printed Edition
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনা পাথরঘাটায় দু’টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ শিকারি হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আটক হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এর আগে সোমবার রাত আড়াইটার দিকে পাথরকাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালের মোহনা থেকে তাকে আটক করা হয়। জব্দ হরিণ দু’টির ওজন প্রায় ১৬০ কেজি।
আটক হানিফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাসারের ছেলে।
বন বিভাগের বিট কর্মকর্তা আব্দুল হাই কোস্টগার্ডের বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাদুরতলা খালের মোহনা থেকে জবাইকৃত দু’টি হরিণ, হরিণ শিকারের ফাঁদসহ হানিফ মিয়াকে আটক করে। পরে সকালে বন-বিভাগের কাছে হস্তান্ত করেন তারা।
তিনি আরো জানান, হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া জবাইকৃত হরিণ দু’টিকে কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়ার নির্দেশ দেন আদালত।