পূর্ব পাকিস্তান সরকারের শেষ দিন

Printed Edition
বিজয় দিবস
পূর্ব পাকিস্তান সরকারের শেষ দিন

১নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল পূর্ব পাকিস্তান সরকারের শেষ দিন। ঢাকায় প্রচণ্ড কামান আক্রমণ চলে। একই সাথে চলে বিমান হামলা। ঢাকা সেনানিবাসে মিত্র বাহিনীর গোলা এসে পড়ে। এ দিন গভর্নর হাউজে ডাক্তার এম এ মালেক যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করছিলেন, ঠিক তখনই সেখানে শুরু হয় ভারতীয় বিমানবাহিনীর বোমা বর্ষণ। বেলা সোয়া ১১টায় বিমান থেকে পাঁচবার গভর্নর হাউজে রকেট নিক্ষেপ করা হয়। এতে দরবার হলের ছাদ ধসে পড়ে। একপর্যায়ে গভর্নর পদত্যাগ পত্রে সই করেন। এরপর তিনি নিরপেক্ষ জোন হোটেল ইন্টার কন্টিনেন্টালে গিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে আশ্রয় নেন। হোটেল ইন্টার কন্টিনেন্টালে তখন রেড ক্রসের পতাকা উড়ছিল।

মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আজকের এই দিনে নবাবগঞ্জের মরিচায় যুদ্ধে শহীদ হন। দেশপ্রেম ও সমর নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়।

দুপুরে বগুড়া ব্রিগেড আত্মসমর্পণ করে, মানিকগঞ্জ মুক্ত হয়। সাভার ও ডেমরায় যুদ্ধ চলে। কুমিল্লা পতনের পর মুক্তিবাহিনী চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। জামালপুর ও টাঙ্গাইল পতনের সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীর সার্বিক পতন হয়। দলে দলে পাকিস্তানি সেনাকর্মকর্তা এবং সৈন্যরা আত্মসমর্পণ শুরু করে। অন্য দিকে অনেকে তখনো যুদ্ধে জীবন দেয়। যুদ্ধের এ অবস্থায় বেতার মারফত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান তার কমান্ডারদের প্রতি আত্মসমর্পণের নির্দেশ দেয়। রাতে ঢাকায় মার্কিন কনসাল জেনারেল ও পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল নিয়াজির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। জেনারেল ইয়াহিয়া খান মধ্যরাতে যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেয়া নির্দেশ দেন।

১৯৭১ সালের এই দিনে চার দিকে যখন বিজয়ের রব, মুক্ত পরিবেশে মানুষ যখন রাস্তায় বের হতে শুরু করেছে, ঘরে ফিরতে শুরু করেছে, মানুষ যখন প্রাণ ভরে মুক্ত নিঃশ্বাস নেয়ার অনুপম আনন্দে শিহরিত হচ্ছে, বিজয়কে বরণের আনন্দ দুলছে; ঠিক তখনই এক শোকাবহ ঘটনার অবতারণা ঘটে। বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করে স্বাধীনতা বিরোধী শত্রুরা। বিভিন্ন শ্রেণী-পেশার বরেণ্য ব্যক্তিত্ব, অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক ও শিল্পীদের বেছে বেছে হত্যা করা হয়, যাতে এ জাতি স্বাধীনতা পেলেও মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। ১৪ ডিসেম্বর তাই বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় শোকাবহ দিন, যা বুদ্ধিজীবী দিবস হিসেবে সমাধিক পরিচিত।