বিভিন্ন দেশে মাতৃভাষা দিবস পালিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ফ্রান্স, মালয়েশিয়া ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে- আলোচনা সভা, দোয়া, পুষ্পস্তবক অর্পণ, শিশু-কিশোরদের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে প্রবাসে ভাষা শহীদদের স্মরণ করা হয় গভীর শ্রদ্ধায়।
মালয়েশিয়া প্রতিনিধি জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মুনাজাত করা হয়। হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ বেদিতে বিএনপি মালয়েশিয়া শাখা, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষক-শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। বক্তারা মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মালদ্বীপ প্রতিনিধি জানান, দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদারে বাংলাদেশ হাইকমিশন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চ্যান্সারি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনের (শ্রম) কাউন্সেলর মো: সোহেল পারভেজ।
দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণ ব্যানার, বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোস্টারে সজ্জিত করা হয়। মিশনের কর্মকর্তারা কালোব্যাজ ধারণ করেন এবং অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রবাসী অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অন্য দিকে প্যারিস প্রতিনিধি জানান, ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের আয়োজনে প্যারিসের গার দ্যু নোর এলাকার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পানসী গ্রিলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালির নয়, বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চা ও দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইনসহ কমিউনিটির বিভিন্ন সংগঠক ও বিশিষ্টজন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গভীর আবেগ ও শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করেন। প্রবাসে নানা আয়োজনে একুশের চেতনা তুলে ধরার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো- বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ভৌগোলিক সীমারেখা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।