বগুড়ায় সরকারি কলেজশিক্ষিকার লাশ উদ্ধার

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া শহরের এক বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের এক কলেজ প্রভাষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত ফাবিয়া বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক। বছর দেড়েক আগে তিনি কলেজটিতে যোগদান করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, ফাবিয়া অবিবাহিত। তিনি বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ডা: রাশেদুল হাসানের বাড়ির তিনতলায় ভাড়া বাসায় তার মায়ের সাথে থাকতেন। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। গতকাল দুপুরের পর থেকে মেয়েকে ফোনে না পাওয়ায় রাত ১০টার দিকে বগুড়া আসেন। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার বাথরুমে ফাবিয়ার লাশ দেখতে পায়।

পুলিশ জানায়, মৃত ফাবিয়ার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।