ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
Printed Edition
রয়টার্স ও আলজাজিরা
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। সরকারের পক্ষ থেকে শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার কথা বলা হলেও দেশের বিরোধী দলের পক্ষ থেকে পরিচালিত একটি ওয়েবসাইটে নিখোঁজের এই সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের খবরে আরো বলা যায়, বিদেশী উদ্ধারকারী দলগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কিছু অংশে উদ্ধারকারীরা দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় প্রাণহানির সংখ্যা আরো বাড়ছে।
জানা গেছে, এসব এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ও লাশ উদ্ধার করতে কয়েক দিন ধরে স্বজন ও স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব ও সরকারি উদ্ধারকারীদের সীমিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ১ হাজার ৬০০-এর বেশি বিদেশী উদ্ধারকারী দেশটিতে পৌঁছেছেন। আরো কয়েকটি দল আসার পথে রয়েছে। গত বুধবার আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী শত শত আফটার শকের পর আন্তর্জাতিক সহায়তা ক্রমেই বাড়ছে।