বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন
বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় খুবি কর্মকর্তা
Printed Edition
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ও চাকরির বিধিতে রাজনৈতিক সম্পৃক্ততার স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ উঠেছে সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুনের বিরুদ্ধে। জানা গেছে, খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবীর একান্ত সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। লাভলী খাতুন ২০০৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।
অভিযোগ উঠেছে আলী আসগর লবীর পক্ষে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডুমুরিয়া উপজেলার খলসি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন খুবির ওই কর্মকর্তা। গণমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিওতে তাকে প্রার্থীর প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। এ ছাড়াও তিনি চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবারের ওই গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন খুবির সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন। তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯১-এর ৫১ নম্বর ধারার চাকরির শর্তাবলীর (২) নম্বর অনুচ্ছেদে বলা আছে- ‘কোনো শিক্ষক বা কর্মকর্তার রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা ক্ষুণœ না করিয়া তাহার চাকরীর শর্তাবলী নির্ধারণ করতে হবে; তবে তিনি নিজের উক্ত মতামত প্রচার করতে পারিবেন না বা নিজে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়াতে পারবেন না।’ ফলে এই ঘটনার পর লাভলী খাতুনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
এ দিকে নয়া দিগন্তের কাছে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা স্বীকার করে লাভলী খাতুন বলেন, আমি আসলে জানতাম না বিশ্ববিদ্যালয়ের আইনে কী আছে। অতীতে আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নিতেও দেখেছি অনেককে। আমি এ বিষয়ে জানার পর থেকে আর যাচ্ছি না।