হাবিপ্রবির বাজেট ১৩৩ কোটি টাকা

Printed Edition

হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় চার কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দফতর সূত্রে জানা গেছে, মোট বাজেটের মধ্যে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ৯ কোটি ৬৩ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে।

বাজেটের সর্বোচ্চ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা, অর্থাৎ মোট বরাদ্দের ৬৭ দশমিক ৫৯ শতাংশ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধার জন্য। বিপরীতে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ১২ লাখ টাকা, যা মোট বাজেটের ০ দশমিক ০৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ২০৩ শিক্ষার্থীর হিসাবে মাথাপিছু স্বাস্থ্যসেবা বরাদ্দ প্রায় ১০৭ টাকা।

এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে গত অর্থবছরে বরাদ্দ না থাকলেও যানবাহন খাতে চার কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া পণ্য ও সেবা, মেরামত, যন্ত্রপাতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অন্যান্য খাতেও পৃথক বরাদ্দ রাখা হয়েছে।