মতলব উত্তরে বিয়েবাড়িতে চাঁদার জন্য হামলা, আহত ৩
Printed Edition
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত তিনজন আহত হন। আহতরা হলেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। স্থানীয় সূত্র জানায়, জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন তরুণ সেখানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৩০ হাজার টাকায় নেমে আসেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজক পক্ষ তিন হাজার টাকা দিলেও তারা সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে হামলা চালিয়ে বরের বাবা ও ভাইকে মারধর করা হয়। টেবিল-চেয়ার ভাঙচুরের পাশাপাশি আশপাশের ঘরেও হামলার অভিযোগ রয়েছে। আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, তারা প্রবাস থেকে ভাইয়ের বিয়েতে দেশে এসেছেন। অনুষ্ঠানের সময় হঠাৎ একদল তরুণ হামলা চালায়। তার মাথায় আঘাত লাগে এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।