‘ডু-অর-ডাই’ ম্যাচে আফগানিস্তান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উঠে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। কিন্তু এবারের আসরে শুরুতেই ধাক্কা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে এখন কঠিন সমীকরণে পড়ে গেছে তারা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেই সুপার এইটে ওঠার আশা প্রায় শেষ হয়ে যেতে পারে, এমনকি কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও সেটা যথেষ্ট নাও হতে পারে।
চ্যালেঞ্জটা আরো বড় কারণ টি-২০তে প্রোটিয়াদের বিপক্ষে আফগানিস্তানের রেকর্ড ভয়াবহ। তিনবার মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে তারা। সর্বশেষ ২০২৪ আসরে তো প্রোটিয়ারা আফগানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়।
অন্য দিকে কানাডার বিপক্ষে দারুণ জয় দিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মাকরাম করেছেন হাফ সেঞ্চুরি, ডেভিড মিলার ও স্টাবস মিলে গড়েছেন ম্যাচ জয়ী জুটি। বোলিংয়ে লুঙ্গি এনগিডির চার উইকেট যেন বাড়তি শক্তি যোগ করেছে। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককও গুরুত্বপূর্ণ। যদিও সাম্প্রতিক সময়ে কিছু ইনিংসে দ্রুত আউট হয়েছেন, তবে ফর্মে ফিরলে তাকে থামানো কঠিন। টি-২ তে ৩০০০ রান পূর্ণ করতে আর মাত্র ৬১ রান দূরে রয়েছেন।
তবে পরিসংখ্যান যাই হোক না কেন আফগানরা যে ছেড়ে কথা বলবে না সেটা বলাই বাহুল্য। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান স্পিন বোলিংয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। যদিও অনেকের মতে তিনি ভয়ঙ্কর রূপে নেই।