বাংলাদেশীর মৃত্যুতে বাহরাইনের রাজার শোক

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন বাংলাদেশীর মৃৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেলিফোন করেছেন। সোমবার রাতের ওই ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি জানান, বাহরাইনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গত রোববার বাহরাইনে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুল মহসিন তারেক নামের এক বাংলাদেশী নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে।