সিলেটে সংঘর্ষে নিহত ১

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিস বৈঠকে দু’পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর (৫০)। গত শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) জালালাবাদ থানার আওতাধীন মোগলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। এসএমপির এডিসি মিডিয়া মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে গালংশাহ গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দু’পক্ষের বিরোধ চলে আসছিল।

বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দু’পক্ষ সালিসে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক সঙ্ঘাতে রূপ নিলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত নগরের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মসজিদের নামকরণ নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মারামারির লেগে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।