হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতা তদন্তের ঘোষণা নেতানিয়াহুর

Printed Edition

আলজাজিরা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতা তদন্তে নেতৃত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি করেছে। হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উচ্চস্বরে উঠেছে। সেনা কর্মকর্তা, নিহত বা বন্দী হওয়া ব্যক্তিদের পরিবার এবং সাধারণ জনগণও সরকারের দায়মুক্তি নিশ্চিত করতে একটি কার্যকর তদন্তের পক্ষে।

তবে এ পর্যন্ত নেতানিয়াহু যেকোনো সরকারি ব্যর্থতার ওপর আনুষ্ঠানিক তদন্ত এড়াতে সচেষ্ট ছিলেন। তিনি বলেছিলেন, গাজার উপর পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ পরিচালনার জন্য সময় অতীব জরুরি। এ যুদ্ধে অক্টোবর ২০২৩ থেকে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু রাজনৈতিকভাবে মনোনীত একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেবেন, যেখানে তিনি নিজেই নেতৃত্ব দেবেন। পার্লামেন্ট স্পিকার অ্যামির ওহানা, যিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী, কমিটির সদস্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।