চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় শেষে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। একুশে পদকপ্রাপ্ত এ চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন তার দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ হাজারো ভক্ত-অনুরাগী।
সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে এই শিল্পগুরুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টার দিকে বিটিভি প্রাঙ্গণ থেকে তার লাশ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে সেখানে উপস্থিত অনুরাগীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মৃতদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার লাশ প্রায় আধা ঘণ্টার জন্য নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এই অনুষদে দীর্ঘদিন শিক্ষকতা করে অসংখ্য প্রখ্যাত শিল্পী ও সৃজনশীল মানুষ গড়ে তুলেছিলেন তিনি।
চারুকলা অনুষদ থেকে সবশেষে মুস্তাফা মনোয়ারের মৃতদেহ চ্যানেল আই প্রাঙ্গণে কিছুক্ষণ রাখার পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় দেশের শিল্প-সংস্কৃতির এই কিংবদন্তিকে।
এর আগে সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।