ডুয়েট ও গাকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত

Printed Edition
3rd-3
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

ডুয়েটে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভিসির বাসভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল ৯টায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের শহদীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বিজয় র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থান কর্নারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ১৯৭১ সালের বিজয় আমাদের সাহস, ত্যাগ ও ঐক্যের চূড়ান্ত নিদর্শন। তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ স্মরণ করে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। সভায় সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব। এ সময় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ মুনাজাত, প্রার্থনা ও প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে ডুয়েট ক্যাম্পাস সেজে ওঠে বর্ণিল আলোকসজ্জায়।

অন্য দিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্টের মাধ্যমে দিবসের সূচনা হয়। ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।