হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা, অন্যজন সিলেট বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫৪ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ১৩ হাজার ১৯৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ আট হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮৮ হাজার ৪১৯ জন।
সিলেটে মৃত্যু বেড়ে ৮৯
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী পাঁচ মাসের শিশু আবু সায়েদ সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬০ জন।
গতকাল এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৪৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৮৮ জন শিশু। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও অন্যরা উপসর্গে মারা গেছেন।