টঙ্গীতে সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, গ্রেফতার ১
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে পাগার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব ওই এলাকার তফিকুল ইসলামের ছেলে এবং গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী। আহতরা হলেন- স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে হাসিবের অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।